বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে শুরু হয়েছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে দুটি গ্রুপে মোট আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ২-১ গোলে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। দলের অধিনায়ক তরিকুল একটি গোল করেন এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার অর্জন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন,
“দীর্ঘদিন পর হলেও জেলা প্রশাসক গোল্ডকাপ শুরু হয়েছে। এটি শুধু একটি ফুটবল আসর নয়, বরং দীর্ঘদিন ধরে ঝিমিয়ে থাকা ক্লাবগুলোকে জাগিয়ে তোলার একটি উদ্যোগ। ক্লাবগুলোই আসলে ফুটবলারদের গড়ে তোলে। এ ধরনের টুর্নামেন্ট চালু থাকলে খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাই উপকৃত হবে। নতুন প্রজন্মকে মাঠমুখী করাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, গণঅধিকার পরিষদের সভাপতি কাজী রাসেল, জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা। এছাড়াও ম্যাচ কমিশনার এডভোকেট নুরুল আমিন খান আকাশ এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় জাহাঙ্গীর গাজী ও মানিক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৮৪ সালে প্রথম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। সর্বশেষ ২০২৩ সালে অনুষ্ঠিত হয়েছিল ২০তম আসর।

