সৎ যোগ্য নাগরিক উপহার দেওয়াই মাদ্রাসার মূল উদ্দেশ্য: অ্যাডভোকেট শাহজাহান

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

চাঁদপুর সদর উপজেলার হাইমচর ফারুকই আজম (র:) আদর্শ দাখিল মাদ্রাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন—
“সৎ যোগ্য নাগরিক উপহার দেওয়াই মাদ্রাসার মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত প্রজন্ম। তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের আলোকিত করবে এবং পরিবারের পাশাপাশি সমাজ ও দেশকেও আলোকিত করবে। এই প্রতিষ্ঠানের দুর্দিন কেটে গেছে, এখন এটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তোমরা এই মাদ্রাসা থেকে পাশ করে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে সমাজে অবদান রাখবে ইনশাআল্লাহ।”

অ্যাডভোকেট শাহজাহান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা আলী আকবর এবং আলগী বাজার সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান।

মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী সুপার মো. বিল্লাল হোসেন ও শিক্ষার্থী মো. হাসান মিয়া।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাসান আল মাহমুদ এবং হামদ-নাত পরিবেশন করেন মারুফ হোসেন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ নিউজ