চাঁদপুরে শুরু হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দ্বিতীয় রাউন্ডের লড়াই।
রোববার (৫ অক্টোবর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে চাঁদপুর জেলা দল মুখোমুখি হয় নরসিংদী জেলা দলের। উত্তেজনাপূর্ণ ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়।
কর্দমাক্ত মাঠে দুই দলই একের পর এক আক্রমণ চালিয়ে গোলের সুযোগ সৃষ্টি করলেও ভাগ্য কোনো দলের পক্ষেই অনুকূলে ছিল না। পুরো ম্যাচজুড়ে ছিল সমান তালে লড়াই ও দর্শকদের তুমুল উৎসাহ।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নরসিংদীর ১০ নম্বর জার্সিধারী জাভেদ খান। ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তার হাতে তুলে দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিকমা।

খেলা পরিচালনা করেন ঢাকার রেফারি নাছির উদ্দিন। ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তাজুল ইসলাম।
চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচটি দেখতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের উৎসাহ দেন দর্শকরা।
আগামী ১২ অক্টোবর নরসিংদীতে অনুষ্ঠিত হবে দুই দলের দ্বিতীয় লেগ বা রিটার্ন ম্যাচ। সেখানেই নির্ধারণ হবে কে উঠবে পরবর্তী রাউন্ডে।

