আগামী জাতীয় নির্বাচনে ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।
সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, পুরোনো বন্দোবস্ত দিয়ে নতুন বাংলাদেশে প্রহসনের নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে জনগণ তা রুখে দেবে। সংসদের উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে— এর বিকল্প কোনো ব্যবস্থা জনগণ মেনে নেবে না।
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তা অবিলম্বে গেজেট আকারে প্রকাশ করতে হবে এবং নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। পিআর পদ্ধতির নির্বাচন এখন গণদাবিতে পরিণত হয়েছে। জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে সংসদের উভয় কক্ষে পিআর ব্যবস্থা বাস্তবায়ন জরুরি। ৫৪ বছরের বিকল পদ্ধতিতে কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
মাকসুদুর রহমান নির্বাচন কমিশন ও উপদেষ্টা পরিষদের বক্তব্যে পক্ষপাতের ইঙ্গিত তুলে ধরে বলেন, বর্তমান পরিস্থিতিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব নয়। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতেই হবে।
জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহসভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, যুবনেতা মাওলানা ইমরান হোসাইন, শ্রমিক নেতা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ও সদর উপজেলা যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।

