চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

“সাদাছড়ি আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”— এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ পালন করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহসীন উদ্দিন বলেন, সাদাছড়ি কেবল একটি লাঠি নয়, এটি দৃষ্টি প্রতিবন্ধীদের আত্মনির্ভরতার প্রতীক এবং সমাজের প্রতি আমাদের মানবিক দায়িত্ববোধের স্মারক। একজন দৃষ্টি প্রতিবন্ধী যখন সড়ক পার হন, তখন এই ছড়ি আমাদের সহমর্মিতার বার্তা দেয়।

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস

তিনি আরও বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা যাতে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আমরা কাজ করছি। ওএমএস, ভিজিএফসহ সরকারি প্রকল্পগুলোতে তাদের অন্তর্ভুক্ত করতে হবে। আমি সব ইউএনও ও চেয়ারম্যানদের নির্দেশ দেব, যেন দৃষ্টি প্রতিবন্ধীরা এসব সুবিধা নিশ্চিতভাবে পান।

জেলা প্রশাসক ঘোষণা দেন, আগামী সাত দিনের মধ্যে যেসব দৃষ্টি প্রতিবন্ধীর সাদাছড়ি বা সানগ্লাস নেই, তাদের তালিকা আমার কাছে পাঠান। আমি ব্যক্তিগতভাবে তাদের সহায়তার ব্যবস্থা করব।

তিনি আরও জানান, চাঁদপুর জেলায় বর্তমানে ৭ হাজার ৬৬৬ জন দৃষ্টি প্রতিবন্ধী তালিকাভুক্ত রয়েছেন। তাদের কেউ যেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, এ বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আব্দুল্লাহ আল জোবায়ের, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ এবং প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী। স্বাগত বক্তব্য রাখেন ফিজিওথেরাপিস্ট মো. মেহেদী হাসান।

সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পাশাপাশি বি.এন.এস মাজহারুল হক চক্ষু হাসপাতালের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” পালন করা হয়। ১৯৩০ সালে যুক্তরাষ্ট্র দৃষ্টি প্রতিবন্ধীদের স্বাবলম্বী চলাচলের অধিকার স্বীকৃতি দেয় এবং ১৯৫১ সালের ১৫ অক্টোবর তৎকালীন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার দিনটিকে আনুষ্ঠানিকভাবে “White Cane Safety Day” হিসেবে ঘোষণা করেন।

সর্বশেষ নিউজ