শাহমাহমুদপুরে পাইকদী এলাকায় উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী এলাকায় সাম্প্রতিক সময়ে বাস্তবায়িত কয়েকটি উন্নয়ন প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগ উঠলেও অনুসন্ধানে দেখা গেছে— দুটি প্রকল্পের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে এবং একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাইকদী মিজি বাড়ি বায়তুল মামুর জামে মসজিদের অজুখানা সংস্কার ও কবরস্থানে মাটি ভরাট, ৫ নম্বর ওয়ার্ডের পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার এবং পাইকদী ঈদগাহ মাঠ সংস্কার— এই তিনটি প্রকল্প এলাকায় বাস্তবায়িত হচ্ছে।

এর মধ্যে মসজিদের অজুখানা ও কবরস্থানে মাটি ভরাটে বরাদ্দ ছিল ২ লাখ টাকা, বিদ্যালয়ের মাঠ সংস্কারে ৭ মেট্রিক টন গম এবং ঈদগাহ মাঠ সংস্কারে বরাদ্দ ২ লাখ ৫৩ হাজার টাকা।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, মসজিদ ও বিদ্যালয়ের মাঠ সংস্কারের কাজ নির্ধারিত নকশা ও নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হয়েছে। ঈদগাহ মাঠের সংস্কার কাজ এখনও চলছে।

মিজি বাড়ি বায়তুল মামুর জামে মসজিদের মুসল্লি টিপু সুলতান মিজি বলেন, মসজিদের অজুখানা ও কবরস্থানের কাজ সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। এলাকাবাসী এখন নিয়মিত ব্যবহার করছে। কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

স্থানীয় কয়েকজন বাসিন্দাও জানান, অজুখানা সংস্কারের পর মুসল্লিরা নামাজের আগে সহজে অজু করতে পারছেন।

পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা চৌধুরী বলেন, “মাঠ সংস্কারের কাজ শেষ হওয়ায় শিক্ষার্থীরা এখন স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারছে।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জানান, অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কিছু ব্যক্তি ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.এন জামিল হিকমা বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

সর্বশেষ নিউজ