চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া রামপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে তিনি রামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে সমর্থন আহ্বান করেন।
গণসংযোগকালে শাহজাহান মিয়া বলেন, ‘আমরা ন্যায়, সততা ও সুশাসনের রাজনীতি করতে চাই। দেশের প্রতিটি মানুষ যেন নিরাপদে ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে, সেটিই আমাদের লক্ষ্য। অন্যায়, দুর্নীতি ও স্বজনপ্রীতির রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হলে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।’
স্থানীয় বাসিন্দারা জানান, অ্যাডভোকেট শাহজাহান মিয়ার সরল জীবন, সৎ রাজনীতি ও সেবামূলক মনোভাবের কারণে এলাকায় তাঁর প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে।
গণসংযোগ ও পথসভায় জামায়াতের স্থানীয় নেতারা, তরুণ প্রজন্ম ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
পথসভা শেষে শাহজাহান মিয়া জনগণের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামীর নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন—চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, চাঁদপুর জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অ্যাডভোকেট আব্দুল কাদের খান, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা সিয়াম খান, বায়তুলমাল সেক্রেটারি মো. মনির হোসেন, জামায়াত নেতা সাইফুল ইসলাম ঢালী ও আব্দুর রশিদ খানসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

