“মানুষ মানুষের জন্য” — এই মানবিক বার্তাটি যেন বাস্তব রূপ পেল চাঁদপুরের বালিয়ায়। কর্মহীন ও অসহায় দিনমজুরদের মুখে হাসি ফোটাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নে কর্মস্থান প্রকল্পের আওতায় দুই দিনমজুরকে দুটি অটোরিকশা উপহার দিয়েছে। এ যেন বেকার জীবনের অন্ধকারে আলো জ্বালানোর এক অনন্য উদ্যোগ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় এ কর্মস্থান প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
বক্তব্যে তিনি বলেন, দেশে বেকারত্ব এখন একটি বড় সামাজিক সমস্যা। ইসলামী সমাজব্যবস্থা এমন এক কল্যাণভিত্তিক ব্যবস্থা যেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মানুষকে আত্মনির্ভরশীল করে তোলা হয়। জামায়াতে ইসলামী সর্বদা জনগণের পাশে থেকে সমাজের উন্নয়নে কাজ করছে। এই প্রকল্প তারই বাস্তব উদাহরণ। সমাজের হতদরিদ্র, কর্মহীন ও বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা একসাথে কাজ করছি।
এরপর এক হৃদয়গ্রাহী মুহূর্তে কর্মহীন দুই দিনমজুর সোলেমান শেখ ও শফিকুর রহমানের হাতে তুলে দেওয়া হয় নতুন দুটি অটোরিকশার চাবি। চাবি হাতে পেয়ে চোখে আনন্দাশ্রু নিয়ে তারা বলেন, আজ আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। জামায়াতে ইসলামী আমাদের জীবনে আলো জ্বেলেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত নেতা ইয়াসিন পাটোয়ারী, হাফেজ ওবায়দুল্লাহ, সাইফুল ইসলাম ঢালী, আব্দুর রশিদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের মতে, জামায়াতে ইসলামীর এই কর্মস্থান প্রকল্প শুধু সহায়তা নয়, এটি এক সামাজিক দায়বদ্ধতার প্রতীক—যা বেকার মানুষের জীবনে নতুন আশার আলো ছড়িয়ে দিয়েছে। ইউনিয়নে এই মানবিক উদ্যোগ সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। একটি ছোট উদ্যোগ কীভাবে বড় পরিবর্তনের সূচনা ঘটাতে পারে, এ কর্মসূচি তারই প্রমাণ।

