ভারত থেকে ফেরত এল একই পরিবারের তিন বাংলাদেশি

পঞ্চগড় প্রতিনিধি
spot_img
spot_img

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে একই পরিবারের তিনজনকে আটক করেছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বাংলাদেশে ফেরত দিয়েছে তারা। রোববার বিকেলে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের জিরো লাইনে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ের এ বৈঠক হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের কালীদাসঘাটি পদমপাল গ্রামের অনন্ত কুমার ভৌমিক (২৮), তাঁর স্ত্রী চৈতি রানী (২৩) এবং তিন বছরের ছেলে অরন্য কুমার ভৌমিক। প্রায় এক বছর আগে তাঁরা অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ করেছিলেন বলে জানা যায়।

বিজিবি জানায়, শনিবার ভারতের অভ্যন্তরে তিন বাংলাদেশিকে আটক করে বিএসএফ। পরে মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলাবান্ধা বিজিবি কোম্পানি কমান্ডারকে তাঁদের পরিচয় পাঠিয়ে ফেরত নেওয়ার অনুরোধ করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় পুলিশ যাচাই করে তাঁদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হয়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম জানান, পরিচয় শনাক্তের পর পতাকা বৈঠকের মাধ্যমে তিনজনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁদের তেঁতুলিয়া মডেল থানায় সোপর্দ করা হয়।

তেঁতুলিয়া থানার ওসি মুসা মিয়া বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তিনজনকে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

সর্বশেষ নিউজ