২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার

এনসিপির রাজশাহী জেলা কমিটির ৫ সদস্যের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটি থেকে ৫ সদস্য পদত্যাগ করেছেন। আজ বুধবার (৩ ডিসেম্বর) দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগকারীরা হলেন আজিজুল ইসলাম, মো. আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম ও মো. নঈম ফকির।

পদত্যাগপত্রে তারা লিখেছেন, গত ২৯ নভেম্বর এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সই করা চিঠির মাধ্যমে রাজশাহী জেলা কমিটি গঠন করা হয়।

এতে পদত্যাগী পাঁচজনকে সদস্য হিসেবে রাখা হয়। তারা জুলাই আন্দোলনে সম্মুখযোদ্ধা ছিলেন। কিন্তু স্বৈরাচারের অন্যতম দোসর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। পদত্যাগীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জুলাইয়ের সঙ্গে বেঈমানি রাজশাহীর মাটিতে করতে দেওয়া হবে না জানিয়ে তারা আরো উল্লেখ করেন, নাম না জানা একজনকে সদস্যসচিব করা হয়েছে। যাদের জুলাই আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। জুলাই আন্দোলনের যোদ্ধারা এ কমিটি দেখে মর্মাহত। তারা অবিলম্বে এ কমিটি বাতিলের অনুরোধ জানান।

পদত্যাগ পাঠানোর তথ্যটি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম। তিনি বলেন, কমিটির কয়েকজন ক্ষিপ্ত হয়ে কেন্দ্রে পদত্যাগপত্র পাঠিয়েছেন। কেন্দ্র বিষয়টি দেখবে।

 

সর্বশেষ নিউজ