টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদ, দেশীয় বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে পরিচালিত এই বিশেষ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ও নৌবাহিনীর টিম কোনাপাড়া লবণের মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালায়। তল্লাশিতে ৯ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কেইস, ২টি দেশীয় বিস্ফোরক, ২টি দেশীয় অস্ত্র এবং ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।
তিনি আরো জানান, অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা আলামতসমূহের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও কোস্ট গার্ডের অভিযান আরো জোরদার করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

