ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

নোয়াখালী সদর উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের পর সোমবার সকালে ওই যুবককে নোয়াখালী মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার রাতে উপজেলার কালাদরাপ ইউনিয়নের আনন্দ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করা যুবক মুসলিম উদ্দিন সদর উপজেলার হাকিমপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারের বরাত দিয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, দুই সন্তানের মা ওই গৃহবধূ নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি রুমে বসবাস করতেন। ২৭ এপ্রিল গভীর রাতে মুসলিম উদ্দিন তাকে ধর্ষণচেষ্টা চালান এবং একপর্যায়ে ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করেন। ওই সময় ওই গৃহবধূর চিৎকার শুনে তার মা, বোনসহ অন্যরা এগিয়ে এলে মুসলিম উদ্দিন পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ধর্ষণচেষ্টা ও কুপিয়ে আহত করার অভিযোগে ওই গৃহবধূর বাবা থানায় মামলা করেন। মামলার পর মুসলিম উদ্দিনকে গ্রেপ্তার করে নোয়াখালী মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে ।

সর্বশেষ নিউজ