বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিছুটা সময় শাহবাগ থেকে সরে গিয়ে কাঁটাবনে অবস্থানের পর ফের শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এই অবস্থান অব্যাহত রয়েছে। সড়কে অবস্থানের ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা অবধি এমন চিত্রই দেখা গেছে। এ সময় আন্দোলনকারীরা ‘আমার সোনার বাংলায়, ফ্যাসিস্টদের ঠাঁই নাই’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে লড়াই করবো’সহ নানা স্লোগান দেন।
এর আগে সকালে ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা ছাড়ার পরপরই ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা আজিজ সুপার মার্কেটের সামনে থেকে সরে শাহবাগ মোড়ে চলে আসেন।

তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে হাদি হত্যার বিচার দাবি করছেন। শুক্রবার জুমার পর থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত তারা শাহবাগ মোড়েই অবস্থান করেছেন।
রাতেই ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের সেখানে ঘোষণা দিয়েছিলেন, সরকারের উপদেষ্টারা সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।

একই সঙ্গে তিনি বলেন, হাদি হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও তাদের ভারতে পালাতে যারা সহায়তা করেছে তাদের গ্রেফতার না করা পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন।

