বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মোয়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতকে ডেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন সীমান্ত এলাকায় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি প্রতিবেশী দুই দেশের সুসম্পর্কের জন্য বাধাস্বরূপ। ভবিষ্যতে এ ধরনের সীমান্ত লঙ্ঘনের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে জন্য মিয়ানমারকে পূর্ণ দায়ভার গ্রহণ করে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া মিয়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা-ই ঘটুক না কেন, তার কোনো প্রভাব যেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় না পড়ে— সে বিষয়টি নিশ্চিত করারও দাবি জানায় ঢাকা।
জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মোয়ে জানান, এ ধরনের ঘটনা প্রতিরোধে তার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে আহত শিশুটির প্রতি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।

