২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার

যে ১০ জেলায় ১০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

গত কয়েকদিন কনকনে শীতের অনুভূতি কিছুটা কম থাকলেও আবারও দেশে শৈত্যপ্রবাহের আশঙ্কা দেখা দিয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

 

বুধবার (১৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টার মধ্যে দেশের অন্তত ৮ থেকে ১০টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে।

 

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার সকাল থেকে আবারও শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে শীত বেশি অনুভূত হতে পারে। এসব এলাকায় সকাল ৬টার মধ্যে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকার আশঙ্কা রয়েছে। তবে দেশের অন্যান্য জেলায় একই সময়ে তাপমাত্রা ১০ ডিগ্রির কিছুটা ওপরে থাকতে পারে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাধারণত কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে সেটিকে শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এই পরিস্থিতি আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ তাপমাত্রা কমে গেলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন শিশু, বয়স্ক মানুষ এবং শ্বাসকষ্টসহ শ্বাস-প্রশ্বাসজনিত রোগে আক্রান্তরা। শীতের শুরু ও শেষের সময় ঠান্ডাজনিত রোগ, জ্বর ও শ্বাসকষ্টের প্রবণতা বাড়ে। তাই এ সময় প্রয়োজনীয় শীতবস্ত্র ব্যবহার, ঘর উষ্ণ রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা।

সর্বশেষ নিউজ