অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় ২ ঘণ্টা সাক্ষাৎ শেষে গুলশানের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টা ১১ মিনিটে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ত্যাগ করেন তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। এর আগে রাত ৭টায় ২৬ মিনিটে সপরিবারে যমুনায় আসেন বিএনপির চেয়ারম্যান।
এই দীর্ঘ সময় তাদের মধ্যকার আলোচনা বিষয়ে বিএনপি কিংবা সরকারের প্রেস উইংয় থেকে আনুষ্ঠানিকভাবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কিছু জানা যায়নি।
বিএনপির ফেসবুক পেজে জানানো হয়, আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন।
এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তিনি। বাসভবনে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করে ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বেরিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তারেক রহমান।

