২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ তিনি দুর্বল হয়ে পড়েন এবং মঞ্চে বসে যান। এরপর তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। এর প্রতিবাদে সোমবার কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের এন এস রোড প্রদক্ষিণ করে এক তারার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্য প্রদান করছিলেন অধ্যাপক আবুল হাশেম।

অধ্যাপক আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও শিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার ইন্তেকালে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ নিউজ