নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের চাপের মধ্যে নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, দেশের সাধারণ মানুষের মতো নির্বাচন কমিশনও একটি অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা করে।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আনোয়ারুল ইসলাম বলেন, একটি নির্বাচন কমিশনের মেয়াদে সাধারণত একবারই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সুযোগ আসে। ফলে কোনো কমিশনের পক্ষেই পূর্ববর্তী নির্বাচনের অভিজ্ঞতা সরাসরি প্রয়োগ করা সম্ভব নয়।
তিনি জানান, নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষগুলো কমিশনে এসে তাদের অভিযোগ ও পরামর্শ জানাচ্ছে, যা কমিশনের কাজকে আরও সমৃদ্ধ করছে। ছোটখাটো সমস্যাগুলো নিয়মিতভাবে সমাধান করা হচ্ছে এবং এখন পর্যন্ত বড় কোনো সংকট দেখা দেয়নি বলেও তিনি উল্লেখ করেন।
রাজনৈতিক দলগুলোর অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে কমিশনার বলেন, আপিল শুনানির অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে যে, সামনে একটি ভালো ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে। প্রার্থীরা যেভাবে শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, ভোটের মাঠেও তারা একই ধৈর্য ও শালীনতা বজায় রাখবেন বলে কমিশনের প্রত্যাশা।
ইসি সূত্র জানায়, তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

