২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার

হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের দীর্ঘ কর্মজীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, এম হাফিজ উদ্দিন খান ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল রাষ্ট্রকর্মী। রাষ্ট্রসেবায় তার নিষ্ঠা, সততা ও নৈতিক অবস্থান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রফেসর ইউনূস আরও বলেন, ব্যক্তিগত জীবনেও হাফিজ উদ্দিন খান তার সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জীবনের বিভিন্ন পর্যায়ে তার প্রজ্ঞা, মানবিক দৃষ্টিভঙ্গি ও স্পষ্টভাষিতা তাকে বিশেষভাবে অনুপ্রাণিত ও সমৃদ্ধ করেছে। তার মৃত্যুতে তিনি একজন বিশ্বস্ত সহকর্মী ও প্রিয় বন্ধুকে হারালেন বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

শোকবার্তায় তিনি বলেন, কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার পাশাপাশি পরবর্তীতে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় এম হাফিজ উদ্দিন খান যে ভূমিকা রেখেছেন, তা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।

প্রধান উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে এম হাফিজ উদ্দিন খান ইন্তেকাল করেন। তিনি ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্থ ও পরিকল্পনাসহ একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্বে ছিলেন।

সর্বশেষ নিউজ