৩ এপ্রিল ২০২৬, শুক্রবার

প্রকাশ্যে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

পূর্ব বিরোধের জেরে পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ (২৬) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। এছাড়াও, উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সোহাগ তার বন্ধুদের সঙ্গে সাড়া গোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা সেখানে এসে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সোহাগ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ নিউজ