৫ মে ২০২৬, মঙ্গলবার

অর্থনীতির চাপ সামলাতে তিন ধাপে আসছে নবম পে-স্কেল: প্রথম ধাপে ৩৩ শতাংশ বাস্তবায়নের প্রস্তাব

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও বাজেটের ওপর চাপ বিবেচনা করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে সরকার। এ বিষয়ে পে-স্কেল সংক্রান্ত পুনর্গঠিত কমিটি এরই মধ্যে সুপারিশ তৈরির কাজ শুরু করেছে, যা শিগগিরই সরকারের উচ্চমহলে জমা দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এককালীন বাস্তবায়নের পরিবর্তে আগামী তিন বছরে ধাপে ধাপে এই নতুন পে-স্কেল কার্যকর করার সুপারিশ করা হবে। প্রস্তাবনা অনুযায়ী, আগামী ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের ৫০ শতাংশ কার্যকরের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে সরকারি চাকরিজীবীদের জন্য নির্ধারিত পে-স্কেলের প্রায় ৩৩ শতাংশ বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। নতুন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানোর সুপারিশ করতে পারে অর্থ বিভাগ।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ‘এইদিন এইসময়’-কে জানান, পুনর্গঠিত কমিটির প্রথম বৈঠকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ও চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে কমিটির সদস্যরা ঘোষিত পে-স্কেল বাস্তবায়নের পক্ষেই নিজেদের জোরালো মত দিয়েছেন। চলতি বাজেটে পে-স্কেল বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ রাখা হলেও শেষ পর্যন্ত তা ব্যবহার করা হয়নি। তবে আগামী বাজেটে এই খাতে বাড়তি অর্থ বরাদ্দের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের রয়েছে।

জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভা শেষে অর্থমন্ত্রী দেশে ফেরার পর পুনর্গঠিত কমিটি এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। চূড়ান্ত কোনো ঘোষণার আগে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিষয়টি নিয়ে একটি বিশেষ বৈঠক করবেন।

এ বিষয়ে অর্থ সচিব মাহবুব আহমেদ জানান, “নবম পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থের সংস্থান করা। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ, উচ্চ মূল্যস্ফীতি এবং বড় বাজেট ঘাটতির মতো বাস্তবতায় এককালীন বাস্তবায়নের পরিবর্তে তিন থেকে চার ধাপে পে-স্কেল কার্যকর করাই সরকারের জন্য সবচেয়ে বেশি বাস্তবসম্মত হতে পারে।”

সর্বশেষ নিউজ