সারাদিনের কর্মব্যস্ততা শেষে প্রশান্তির জন্য ঘুম অপরিহার্য। কিন্তু আপনি কি জানেন, ভুল ভঙ্গিতে ঘুমানোর কারণে বিশ্রামের বদলে শরীরে বাসা বাঁধতে পারে নানা রোগ? বিশেষজ্ঞরা বলছেন, ভুলভাবে ঘুমানোর ফলে ঘাড়, পিঠ ও কোমরে ব্যথাসহ দীর্ঘমেয়াদে মেরুদণ্ডের জটিলতা তৈরি হতে পারে। শরীরকে সুস্থ রাখতে কেবল পর্যাপ্ত ঘুমই যথেষ্ট নয়, ঘুমানোর সঠিক ভঙ্গি জানাও অত্যন্ত জরুরি।
বিশেষজ্ঞদের মতে, বাম পাশে কাত হয়ে ঘুমানো স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী। এই ভঙ্গিতে ঘুমালে শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং হৃদযন্ত্রের ওপর চাপ কম পড়ে। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি আদর্শ ভঙ্গি, কারণ এতে জরায়ুতে রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং ভ্রূণ সঠিক পুষ্টি ও অক্সিজেন পায়। এছাড়া পাকস্থলীর বিশেষ অবস্থানের কারণে বাম পাশে ঘুমালে হজম প্রক্রিয়া সহজ হয় এবং বুকজ্বালা বা এসিডিটির সমস্যা কমে।
অন্যদিকে, চিৎ হয়ে ঘুমালে মেরুদণ্ড সোজা থাকে ঠিকই, তবে এতে নাক ডাকা বা ‘স্লিপ অ্যাপনিয়া’র মতো সমস্যা বাড়তে পারে। আবার উপুড় হয়ে ঘুমানো স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর হতে পারে; কারণ এতে ঘাড় ও পিঠের ওপর অতিরিক্ত চাপ পড়ে যা দীর্ঘমেয়াদী ব্যথার সৃষ্টি করে। যারা ডান পাশে ঘুমান, তাদের জন্য এটি আরামদায়ক হলেও ক্ষেত্রবিশেষে এসিডিটির সমস্যা দেখা দিতে পারে। তাই দীর্ঘস্থায়ী সুস্থতার জন্য ঘুমের ভঙ্গি নির্বাচনে সচেতন হওয়া এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

