আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের দোকানপাট ও শপিংমল খোলা রাখার নতুন সময় নির্ধারণ করেছে সরকার। আগামী ১২ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত মার্কেট ও বিপণিবিতানগুলো খোলা রাখা যাবে।
সম্প্রতি এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন ব্যবসায়ী নেতা হেলাল উদ্দিন। তিনি জানান, “ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে।”
তিনি আরও জানান, সময় বাড়ানো হলেও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে মার্কেটগুলোতে অতিরিক্ত আলোকসজ্জা বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশে জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সব দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছিল সরকার। পরবর্তীতে ব্যবসায়ী সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা সময় বাড়িয়ে দোকান বন্ধের সময় সন্ধ্যা ৭টা নির্ধারণ করা হয়েছিল। এবার ঈদ উপলক্ষে সেই সময়সীমা আরও শিথিল করা হলো।

