১১ মে ২০২৬, সোমবার

লালমনিরহাটে প্রবাসী ছেলের বিরোধের জেরে বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
লিবিয়া প্রবাসী ছেলেকে কেন্দ্র করে লালমনিরহাট সদর উপজেলায় মো. আব্দুল মোন্নাফ (৬২) নামের এক বৃদ্ধকে মসজিদের সামনে আম গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরিয়া খামারটারী গ্রামে জুমার নামাজের পর এই অমানবিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধ বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সূত্রপাত ও বিরোধ: অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে একই এলাকার মহির উদ্দিনের ছেলে হাসানুর রহমান ভুক্তভোগী আব্দুল মোন্নাফের ছেলে মিজানুর রহমানের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান। সেখানে হাসানুর কর্মস্থলে বিভিন্ন সমস্যা তৈরি করায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আব্দুল মোন্নাফের ওপর দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল বিবাদীরা। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে।

নির্যাতনের বিবরণ: শুক্রবার জুমার নামাজ শেষে আব্দুল মোন্নাফ স্থানীয় জামে মসজিদ থেকে বের হওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা তাকে ঘেরাও করে। এরপর তাকে টেনেহিঁচড়ে মসজিদের সামনের একটি আম গাছের কাছে নিয়ে রশি দিয়ে শক্ত করে বেঁধে ফেলা হয় এবং শারীরিক নির্যাতন করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, এ সময় তার পকেটে থাকা বেশ কিছু টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। চাচাকে বাঁচাতে ভাতিজা মিঠু মিয়া এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করা হয়।

উদ্ধার ও পুলিশের পদক্ষেপ: গাছে বেঁধে নির্যাতনের দৃশ্য দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের সংগ্রহে আছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

সর্বশেষ নিউজ