১১ মে ২০২৬, সোমবার

“মা কাজী ডেকে আমাদের বিয়ে দিয়েছিলেন”: ওমর সানীর ফেসবুক পোস্টে অজানা গল্প

বিনোদন ডেস্ক
spot_img
spot_img

ক্যারিয়ারের শুরু থেকে আজ অবধি ছায়ার মতো যিনি পাশে ছিলেন, সেই প্রিয় মাকে হারিয়ে প্রতিবছর মে মাস এলেই বিষণ্ণতায় ডুবে থাকেন চিত্রনায়ক ওমর সানী। বিশ্ব মা দিবসকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের স্মৃতিচারণ করে এক আবেগঘন পোস্ট দিয়েছেন এই অভিনেতা। সেখানে তিনি তুলে ধরেছেন তার ও চিত্রনায়িকা মৌসুমীর বিয়ের নেপথ্যে থাকা মায়ের সেই সাহসী ও মমতাময়ী ভূমিকার কথা।

ওমর সানী জানান, ১৯৯৫ সালের এক দিনে তিনি ও মৌসুমী বিয়ের কঠিন সিদ্ধান্ত নেন। তখন পরিবার মেনে নেবে কি না তা নিয়ে উদ্বিগ্ন থাকলেও ত্রাতা হিসেবে এগিয়ে আসেন তার মা। সানী লেখেন, “সেদিন অনেক ভেবেচিন্তে আমার মা বিয়ে পড়ানোর জন্য কাজী ডাকেন এবং আমাদের বিয়ে দেন। মায়ের সেই সিদ্ধান্তের কারণেই আজ অবধি আমরা একসঙ্গে আছি।”

উল্লেখ্য, ২০০০ সালের ২৩ মে ওমর সানী তার মাকে হারান। মে মাসের ৬ তারিখ নিজের জন্মদিন হলেও একই মাসে মাকে হারানোয় দিনটি কখনোই উদযাপন করেন না তিনি। মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে শুটিং সেটের এক ঘটনার কথা মনে করে সানী জানান, একবার শুটিংয়ে চাবুকের আঘাতে তার পিঠ লাল হয়ে গেলে মা কান্নায় ভেঙে পড়েন এবং পরিচালকের ওপর ভীষণ চটেছিলেন। মায়ের সেই অকৃত্রিম ভালোবাসা আজও তাকে কাঁদায়। পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে তিনি লিখেছেন, “মা, তোমাকে অনেক মিস করি, আই লাভ ইউ মা।”

সর্বশেষ নিউজ