১১ মে ২০২৬, সোমবার

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১০ মে) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে আজ ১০০ জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র প্রার্থীর নাম ঘোষণা করছি।”

সারজিস আলম জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য দলটির কাছে হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ১০০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ২০ তারিখের মধ্যে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। ঈদের আগেই এই প্রক্রিয়া আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির এই নেতা বলেন, শুধু দলীয় নেতাকর্মী নয়— অন্য রাজনৈতিক দল থেকেও সৎ, গ্রহণযোগ্য ও বিতর্কমুক্ত ব্যক্তিরা চাইলে এনসিপির হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন।

তার ভাষায়, যারা মানুষের ওপর জুলুম-নির্যাতনের সঙ্গে জড়িত নন এবং ফ্যাসিস্ট কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নন, তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, যাচাই-বাছাই শেষে সুযোগ দেওয়ার চেষ্টা করবে এনসিপি।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপির এই প্রার্থী ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

সর্বশেষ নিউজ