অভিনেত্রী ববিতা সম্প্রতি বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা ‘মা পদক ২০২৬’ পেয়েছেন তিনি। শনিবার (৯ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘মা পদক ২০২৬’ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।
বিশেষ সম্মাননা দেওয়া হয়
চলচ্চিত্রে অসামান্য অবদানের পাশাপাশি বাস্তব জীবনে একজন দায়িত্বশীল ও আদর্শ মা হিসেবে একমাত্র সন্তান অনিককে বড় করে তোলার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়। বিশেষ এই সম্মাননায় ভূষিত হয়ে নিজের জীবনের সংগ্রাম, একাকিত্ব আর মাতৃত্বের আবেগঘন গল্প শোনান বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় এই নায়িকা।
দ্বিতীয় বিয়ে করেননি
তিনি বলেন, একটি নারীর পূর্ণতা আসে তার মাতৃত্ব দিয়ে। সন্তান একজন মায়ের জীবনে শ্রেষ্ঠ পুরস্কার।’ কথা বলার এক পর্যায়ে তার সন্তান অনিকের জন্ম ও তিন বছর পর স্বামীর মৃত্যুর পরও কেন আর দ্বিতীয় বিয়ে করেননি সেই প্রসঙ্গ নিয়েও কথা বলেন তিনি।
ব্যবসায়ী ইফতেখারুল আলমকে ১৯৮২ সালের ২৬ সেপ্টেম্বরে বিয়ে করেন অভিনয়শিল্পী ববিতা। বিয়ের প্রায় সাড়ে ছয় বছর পর, ১৯৮৯ সালের ৪ ফেব্রুয়ারি সন্তান অনিক ইসলামের জন্ম। অনিকের জন্মের তিন বছর পর ১৯৯৩ সালের ১০ জানুয়ারি মারা যান ববিতার স্বামী।
ববিতা জানান, এর পর থেকে তার জীবনে অনেকে আসতে চেয়েছিলেন। পরিবার আর আত্মীয়স্বজনও চাপ দিচ্ছিলেন বিয়ের জন্য। কিন্তু ববিতা সন্তানের কথা ভেবে দ্বিতীয়বার সংসারজীবন শুরু করেননি।

