মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের চতুর্থ দিনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। সকাল ১১টা থেকেই মাঠে আলোকস্বল্পতা দেখা দেয়। পরিস্থিতি এতটাই প্রতিকূল ছিল যে, প্রথম সেশনের বড় একটি সময় তিনটি ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা চালিয়ে নিতে হয়েছে।
লাঞ্চ বিরতির পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। আলো কমে যাওয়ার কিছুক্ষণ পরই শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয় বৃষ্টি। তবে বেলা পৌনে একটার দিকে বৃষ্টি নামার আগেই সতর্ক ছিলেন মাঠকর্মীরা। দ্রুততম সময়ের মধ্যে পিচ এবং ৩০ গজ এলাকা চট দিয়ে ঢেকে ফেলেন তারা।
বৃষ্টির বাগড়ার আগে অবশ্য ব্যাট হাতে কিছুটা স্বস্তিতেই ছিল বাংলাদেশ। লাঞ্চ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। এতে সব মিলিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ১২০ রান।
তবে এদিন সকালে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। দিনের প্রথম ঘণ্টাতেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বড় রান পেতে ব্যর্থ হয়েছেন এই দুজন।
শুরুর ধাক্কা সামলে এরপর আবারও দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত এই দুই ব্যাটার মিলে ৭০ রানের একটি অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। শান্ত ৩৪ এবং মুমিনুল ৩৭ রানে অপরাজিত থেকে ক্রিজে রয়েছেন।

