পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভিসির অপসারণ দাবিতে চলমান আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনে অংশ নেওয়া বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের ওপর হামলার অভিযোগ উঠেছে আরেক অংশের বিরুদ্ধে।
সোমবার (১১ মে) পূর্বঘোষিত কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, ভিসিপন্থী একটি গ্রুপ আকস্মিক হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আন্দোলনকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। সংশ্লিষ্টদের মতে, বিএনপিপন্থী ভিসি ও প্রোভিসি সমর্থকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়েছে।
ঘটনার পর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। হামলার বিচার ও জড়িতদের শাস্তির দাবি জানান তারা।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, তিনি বর্তমানে সরকারি একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় অবস্থান করছেন। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি পক্ষ ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
ভিসি আরও জানান, ক্যাম্পাসে ফিরে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে।

