বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র, দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img
বিশ্ব শান্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকেই সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেছে ইরান। দেশটির দাবি, মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনা নিরসনে ওয়াশিংটন যেসব শর্ত বা দাবিদাওয়া তুলে ধরছে, তা সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন।

রোববার যুক্তরাষ্ট্রের দেওয়া একটি প্রস্তাবের লিখিত জবাব পাঠিয়েছিল ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের সেই পাল্টা প্রস্তাবটি ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেন। ট্রাম্পের এই অনড় অবস্থানের পরই তেহরানের পক্ষ থেকে এমন কড়া প্রতিক্রিয়া জানানো হলো।

সোমবার (১১ মে) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং তাদের অসংখ্য সামরিক ঘাঁটিই মূলত এই অঞ্চলে সংঘাত, অস্থিরতা ও দমন-নিপীড়নের প্রধান কারণ।”

মুখপাত্র আরও বলেন, “উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র যেসব দাবি জানাচ্ছে তা একেবারেই অযৌক্তিক। অপরদিকে, শান্তি প্রতিষ্ঠায় ইরান যেসব দাবি উপস্থাপন করেছে, তার প্রতিটিই সম্পূর্ণ যৌক্তিক এবং আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ।”

ইসমাইল বাঘেই জানান, ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— অবৈধ অর্থনৈতিক ও নৌ-অবরোধ অবিলম্বে প্রত্যাহার করা, জলদস্যুতার মতো আচরণ বন্ধ করা এবং বিভিন্ন বিদেশি ব্যাংকে অন্যায়ভাবে আটকে রাখা বা জব্দ করা ইরানের বিপুল পরিমাণ অর্থ অবমুক্ত করা। তেহরানের মতে, সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে সবার আগে এসব অবরোধ তুলে নিতে হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের মূল দাবি হলো, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ বাধামুক্ত ও নিরাপদ রাখতে হবে। এই পরস্পরবিরোধী দাবি এবং ট্রাম্প প্রশাসনের কট্টর অবস্থানের কারণে দুই দেশের মধ্যে কোনো সমঝোতার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।

(সূত্র: টাইমস অব ইসরায়েল)

সর্বশেষ নিউজ