হাম পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

দেশে হামের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, টিকা নেওয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে প্রায় চার সপ্তাহ সময় লাগে।

সোমবার (১১ মে) দুপুরে বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নিয়ম অনুযায়ী চার বছর পরপর হামের টিকা দেওয়ার কথা থাকলেও ২০২০ সালের পর সেই কার্যক্রমে ধারাবাহিকতা ছিল না। এর ফলেই বর্তমানে হামের প্রকোপ বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের হাতে শুরুতে পর্যাপ্ত ভ্যাকসিন ছিল না। তবে অল্প সময়ের মধ্যেই টিকা সংগ্রহ করা হয়েছে এবং এখন ধীরে ধীরে রোগীর সংখ্যা কমতে শুরু করেছে।

হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী প্রথমে টিকিট কাউন্টারে যান। সেখানে এক কর্মীকে অনুপস্থিত পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন। পরে চিকিৎসকদের হাজিরাখাতা পর্যালোচনা করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ নিউজ