ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করেছেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। নির্বাচন, সরকার গঠন এবং শপথ অনুষ্ঠান—গত কয়েক মাস ধরে রাজনীতির এই বিশাল কর্মযজ্ঞেই আবদ্ধ ছিলেন তিনি। তবে রাজনৈতিক এই চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করার পর, এখন তাঁর অগণিত ভক্ত ও সাধারণ দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে থালাপতি অভিনীত শেষ সিনেমা ‘জন নায়গন’।
গত ৯ জানুয়ারি মুক্তির ঘোষণা দেওয়া হলেও সিনেমাটি এখনও পর্দায় আসেনি। থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে এই সিনেমার মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সিনেমাটির প্রযোজক কে ভেঙ্কট নারায়ণ। গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন বা সিবিএফসি (CBFC)-এর ছাড়পত্রের অপেক্ষায় আছি। সেই চূড়ান্ত ছাড়পত্র পেলেই ছবিটি মুক্তি পাবে। আশা করি আগামী ১৪ দিনের মধ্যেই এটি পর্দায় আসবে।”
নতুন মুখ্যমন্ত্রীর প্রশংসা করে এই প্রযোজক আরও বলেন, “বিজয় স্যার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে রাজ্যে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। স্যার নিশ্চয়ই তাঁর সব প্রতিশ্রুতি পূরণ করবেন। আর ‘জন নায়গন’ও খুব শিগগিরই মুক্তি পাবে।”
সেন্সর বোর্ডের জটিলতা: গত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে থালাপতি বিজয় অভিনীত এই শেষ সিনেমাটি। জানা যায়, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ছবিটি প্রথমবারের মতো সিবিএফসির পরীক্ষক কমিটির সামনে প্রদর্শিত হয়। এরপরই সিনেমাটিতে বেশ কিছু কাটছাঁটের পরামর্শ দেওয়া হয়। সেই পরিবর্তনগুলো করার পর এটিকে ‘ইউএ’ (UA) সার্টিফিকেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সিবিএফসি।
প্রযোজকরা সেন্সর বোর্ডের সেই সুপারিশ মেনে সংশোধিত সিনেমা জমা দিলেও, পরবর্তীতে ফের কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলে বোর্ড। এরপর সিনেমাটিকে রিভাইজিং কমিটির কাছে পাঠানো হলে এর মুক্তি আরও বিলম্বিত হয়ে যায়।
দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক অচলায়তন ভেঙে তামিলনাড়ুর ক্ষমতায় আসা এই নতুন নেতার সিনেমা কবে সেন্সর বোর্ডের বাধা পেরিয়ে প্রেক্ষাগৃহে আসবে, এখন তারই অপেক্ষায় রয়েছেন দর্শকরা। পর্দায় ‘জন নায়গন’ হিসেবে থালাপতি বিজয়ের এই শেষ আগমন দেখার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা।

