জনপ্রিয় সঙ্গীতশিল্পী আদনান সামি আবারও সবাইকে চমকে দিলেন। তবে এবার শুধু গান দিয়ে নয়, সম্পূর্ণ নতুন ও রহস্যময় এক লুকের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করার পর থেকেই সেটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
নতুন ছবিতে আদনান সামিকে ভারী গয়না, আঙুলে আংটি, হাতে ট্যাটু ও চোখে গাঢ় মেকআপে দেখা গেছে। রাজকীয় আবহের ঐতিহ্যবাহী পোশাক এবং এই ‘সিনেমাটিক’ অবতার দেখে প্রথম দেখায় তাঁকে চেনাই মুশকিল! গায়কের এই রূপ দেখে ভক্তরা ভেবেছিলেন এটি হয়তো কোনো নতুন সিনেমা বা প্রোজেক্টের লুক।
তবে ভক্তদের সেই জল্পনার অবসান ঘটিয়ে জানা গেছে, এই নাটকীয় লুকটি মূলত তাঁর নতুন গানের জন্য। আজ মঙ্গলবার (১২ মে) জি মিউজিক কোম্পানির (Zee Music Company) ব্যানারে মুক্তি পেয়েছে আদনান সামির নতুন সিঙ্গেল ‘লিপস্টিক’ (LIPSTICK)। আত্মবিশ্বাস ও নিজস্বতাকে উদ্যাপন করার বার্তা নিয়ে তৈরি এই গানের মিউজিক ভিডিওতেই এমন নজরকাড়া অবতারে হাজির হয়েছেন তিনি। সম্প্রতি জি মিউজিক কোম্পানির সঙ্গে নন-ফিল্ম মিউজিকের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই গায়ক।
গত কয়েক বছরে আদনান সামির শারীরিক পরিবর্তন নিয়ে কম চর্চা হয়নি। একসময় তাঁর ওজন ছিল প্রায় ২৩০ কেজি। কঠোর পরিশ্রম ও কড়া ডায়েটের মাধ্যমে ওজন কমিয়ে প্রায় ৮০ কেজিতে এনে সবাইকে অবাক করে দিয়েছিলেন তিনি।
অসাধারণ সব কালজয়ী গান উপহার দেওয়া এই গুণী শিল্পী সঙ্গীতে তাঁর অসামান্য অবদানের জন্য ২০২০ সালে ভারতের সম্মানজনক ‘পদ্মশ্রী’ উপাধিতে ভূষিত হন। এবার তাঁর নতুন লুক এবং ‘লিপস্টিক’ গানটি আবারও তাঁকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে।

