অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজকে সামনে রেখে দারুণ এক ইতিবাচক খবর পেল বাংলাদেশ ক্রিকেট। এই সিরিজের অফিসিয়াল অটোমোটিভ পার্টনার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে জনপ্রিয় অটোমোবাইল ব্র্যান্ড ‘চেরি’ (Chery)। চুক্তির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, আসন্ন এই সিরিজে বাংলাদেশের সেরা পারফর্মার বা ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হিসেবে নির্বাচিত ক্রিকেটারকে বিশেষ পুরস্কার হিসেবে একটি বিলাসবহুল গাড়ি দেবে প্রতিষ্ঠানটি।
দেশের ক্রিকেটের জন্য এই উদ্যোগকে বিশাল ইতিবাচক দিক হিসেবেই দেখছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
মিরপুরে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, “সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, এখানে ‘বেস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটার’কে একটি গাড়ি দেবে চেরি। এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। চেরির মতো একটি গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে, এটি দারুণ খবর। বিশেষ করে গত এক-দেড় বছরে বিসিবির যে সুনাম নষ্ট হয়েছিল, সেই জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ডগুলোর পুনরায় আসা শুরু হয়েছে। গত সিরিজেও দেখেছেন যে কিছু বাইক কোম্পানি এবং ই-বাইক কোম্পানিগুলো ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে। বিসিবির জন্য এটি অত্যন্ত ইতিবাচক দিক।”
খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, “এ রকম বড় বড় কোম্পানি যত বেশি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়া শুরু করবে, আমাদের ক্রিকেটের জন্য তা ততই ভালো। এর ফলে আমাদের ক্রিকেটাররাও যেকোনো সিরিজে ভালো পারফর্ম করার জন্য একটি বাড়তি ইনসেনটিভ বা অনুপ্রেরণা পাবেন।”
বিসিবির পক্ষ থেকেও এই নতুন অংশীদারিত্বকে উষ্ণ স্বাগত জানানো হয়েছে। বোর্ডের প্রত্যাশা, বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের এমন সম্পৃক্ততা দেশের ক্রিকেটকে আর্থিকভাবে আরও শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে খেলোয়াড়দের পারফরম্যান্সেও বাড়তি অনুপ্রেরণা জোগাবে।

