বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের ক্যারিয়ার গ্রাফ এখন বেশ ঊর্ধ্বমুখী। সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমায় জসকিরত ও হামজা নামের দুই ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন এই অভিনেতা। সিনেমাটি মুক্তির পর থেকেই তিনি বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এরই মাঝে শোনা যাচ্ছে, এবার একটি পৌরাণিক চরিত্রে পর্দায় হাজির হতে পারেন রণবীর, আর সেই বহুল কাঙ্ক্ষিত চরিত্রটি হলো মহাদেব বা শিব।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রখ্যাত লেখক অমীশ ত্রিপাঠীর তুমুল জনপ্রিয় উপন্যাস ‘দি ইমমর্টাল্স অফ মেলুহা’ অবলম্বনে একটি বিগ বাজেটের সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে। বর্তমানে ছবিটির চিত্রনাট্য তৈরির কাজ এগোচ্ছে। গুঞ্জন রয়েছে, রণবীর সিং শুধু এই সিনেমায় অভিনয়ই করবেন না, বরং এর নির্মাণ প্রক্রিয়ার সঙ্গেও ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। তবে এখনো পর্যন্ত সিনেমার পরিচালক কিংবা অন্যান্য অভিনয়শিল্পীদের নাম চূড়ান্ত করা হয়নি।
সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালে ছবিটির শুটিং শুরু হতে পারে। তবে মুক্তির সম্ভাব্য কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এর আগে পরিচালক আদিত্য ধরের নতুন একটি ছবির কাজ শুরু করার কথা রয়েছে রণবীরের। পাশাপাশি ‘প্রলয়’ নামের আরও একটি বড় বাজেটের সিনেমা রয়েছে তার হাতে।
উল্লেখ্য, ‘দি ইমমর্টাল্স অফ মেলুহা’ বইটিতে শিবকে শুরুতে একজন সাধারণ মানুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যিনি পরবর্তীতে নিজের কর্ম ও ব্যক্তিত্বের গুণে দেবতুল্য মর্যাদা অর্জন করেন। প্রকাশের পর থেকেই বইটি পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এর আগে রণবীর সিং আলাউদ্দীন খিলজি ও বাজিরাও-এর মতো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা কুড়িয়েছেন। তাই তাকে শিবের চরিত্রে দেখার সম্ভাবনায় ভক্তদের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে।
অবশ্য পুরো বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে। এই প্রজেক্ট নিয়ে রণবীর সিং বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

