১২ মে ২০২৬, মঙ্গলবার

লেবাননে ইসরায়েলি হামলায় ৩ বাংলাদেশির মৃত্যুতে মিয়া গোলাম পরওয়ারের শোক

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
লেবাননে বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় তিন বাংলাদেশি নাগরিকের নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় নিহত প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম এবং গত ৮ এপ্রিল বৈরুতে অপর এক হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমের কথা উল্লেখ করেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমানো নিরীহ এসব বাংলাদেশির এমন মর্মান্তিক মৃত্যুকে অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক বলে অভিহিত করেন এই জামায়াত নেতা।

তিনি বলেন, “যুদ্ধ কখনো মানবজাতির কল্যাণ বয়ে আনে না; বরং তা ধ্বংস, মৃত্যু, উদ্বাস্তুতা ও অসহায় মানুষের কান্নার কারণ হয়ে দাঁড়ায়। আজ লেবাননে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি সেই নির্মম বাস্তবতারই আরেকটি বেদনাদায়ক উদাহরণ।”

বিবৃতিতে তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি মানবসভ্যতার শান্তি, স্থিতি ও সহাবস্থানের স্বার্থে ইসরায়েলের যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে, নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবিও জানান তিনি।

সর্বশেষ নিউজ