ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সম্প্রতি এক অনুষ্ঠানে মা, পরিবার, ধৈর্য ও মানবিকতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা ও শেখার গল্পও তিনি দর্শকদের সঙ্গে ভাগ করে নেন।
সাদিয়া আয়মান বলেন, তিনি চান যেন একদিন তার মায়ের মতো মানুষ তাকে নিয়েও খোঁজ নেবে, “সাদিয়া কোথায়?”—এমন প্রশ্ন করবে। মায়ের কাছ থেকেই তিনি ধৈর্য ও মানুষের মন জয় করে চলার শিক্ষা পেয়েছেন বলেও জানান তিনি।
অভিনেত্রী বলেন, তার মা তার দেখা সবচেয়ে ধৈর্যশীল মানুষ। সেই ধৈর্যশীলতাই তাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দেয়। তিনি নিজেও ধীরে ধীরে সেই গুণগুলো আয়ত্ত করার চেষ্টা করছেন বলে জানান।
শুটিং সেটের এক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, এক আউটডোর শুটিংয়ে সবাই সময়মতো খেতে না পারায় সহশিল্পীরা নানা পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করেছেন। সেই সময়ের অভিজ্ঞতা তাকে আরও মানবিক ও সহনশীল হতে শিখিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সাদিয়া আয়মান আরও বলেন, আগে তিনি অনেক বেশি অধৈর্য ও চঞ্চল ছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এবং মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতায় তিনি নিজেকে অনেকটাই পরিণত করেছেন বলে মনে করেন এই অভিনেত্রী।

