১২ মে ২০২৬, মঙ্গলবার

যশোরে পিস্তল, গুলি ও গাঁজাসহ যুবদল নেতা আটক, সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
যশোরের সদর উপজেলায় একটি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম গাঁজাসহ রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত রবিউল ইসলাম বিরামপুর এলাকার তাইজুল ইসলামের ছেলে এবং তিনি নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম মঙ্গলবার দুপুরে বিরামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে প্রথমে রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ওই পিস্তল, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা জানিয়েছেন, “বিষয়টি নিয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। যুবদল কোনো অপরাধীকে প্রশ্রয় দেবে না। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান এই আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং এর পেছনে কোনো অপরাধচক্র জড়িত রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আটককৃত রবিউলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ নিউজ