১৩ মে ২০২৬, বুধবার

জিবারো’র হুবহু নকল? নোরা-হানি সিংয়ের ‘বডি রোল’ নিয়ে নেটদুনিয়ায় তোলপাড়

বিনোদন ডেস্ক
spot_img
spot_img

ভারতের জাতীয় নারী কমিশনে হাজিরা দিয়ে ক্ষমা চাওয়ার রেশ কাটতে না কাটতেই আবারও বড় ধরনের বিতর্কের মুখে পড়েছেন বলিউড ড্যান্সিং কুইন নোরা ফাতেহি। এবার অভিযোগ উঠেছে তাঁর ও র‍্যাপার হানি সিংয়ের নতুন গান ‘বডি রোল’-এর ভিডিও নিয়ে। দর্শকদের দাবি, জনপ্রিয় নেটফ্লিক্স অ্যানিমেটেড সিরিজ ‘লাভ, ডেথ‍+রোবট’-এর প্রশংসিত পর্ব ‘জিবারো’ থেকে হুবহু নকল করা হয়েছে এই গানের ভিজ্যুয়াল।

বিতর্কের সূত্রপাত গত শনিবার ইউটিউবে মুক্তি পাওয়ার পর থেকেই ‘বডি রোল’ ভিডিওটি আলোচনার কেন্দ্রে। ভিডিওটিতে দেখা যায়, গয়নায় মোড়া এক রহস্যময় নারী হ্রদ থেকে উঠে এসে এক যোদ্ধাকে আকৃষ্ট করার চেষ্টা করছেন-যা হুবহু ২০২২ সালে মুক্তি পাওয়া আলবারতো মিলগো পরিচালিত ‘জিবারো’ পর্বের গল্পের মতো।

‘বডি রোল’ বনাম ‘জিবারো’: যে মিলগুলো নিয়ে বিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকরা দুই ভিডিওর মধ্যে বিস্ময়কর কিছু সাদৃশ্য তুলে ধরেছেন:

  • চরিত্র ও সাজসজ্জা: নোরার সোনালি অলংকার এবং ভারী গয়নায় মোড়া লুক ‘জিবারো’র সেই রহস্যময় ‘সাইরেন’ চরিত্রের সাজসজ্জার কথা মনে করিয়ে দেয়।

  • পটভূমি: দুই ক্ষেত্রেই ভিডিওর শুরু হয় গভীর জঙ্গল এবং হ্রদ থেকে উঠে আসা এক রহস্যময় নারীকে কেন্দ্র করে।

  • যোদ্ধার উপস্থিতি: ‘বডি রোল’-এ মধ্যযুগীয় পোশাক ও ট্যাটু করা এক ব্যক্তিকে দেখা যায়, যা ‘জিবারো’র স্প্যানিশ যোদ্ধার (কনকুইস্তাদোর) চরিত্রের সঙ্গে অনেকাংশেই মিলে যায়।

  • ক্যামেরা অ্যাঙ্গেল: অনেক দর্শক দাবি করেছেন, কেবল পোশাক নয়, বরং ক্যামেরার ভাষা ও ভিজ্যুয়াল স্টাইলও প্রায় একই রকম।

নেটজনতার প্রতিক্রিয়া ইউটিউব ও ইনস্টাগ্রামে চলচ্চিত্র প্রেমীরা নোরার এই কাজের কড়া সমালোচনা করছেন। কেউ কেউ একে ‘পুরোপুরি কপি’ বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ বলিউডকে বিঁধে বলেছেন, মৌলিকতা তৈরি করতে না পেরে এভাবে নকল করা হতাশাজনক। তবে একটি পক্ষ একে সরাসরি নকল না বলে ‘অনুপ্রাণিত’ কাজ বলে দাবি করলেও সেই যুক্তি ধোপে টেকেনি অধিকাংশের কাছে।

এখন পর্যন্ত নোরা ফাতেহি কিংবা হানি সিং—কারও পক্ষ থেকেই এই নকলের অভিযোগ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার একটি গানে অশালীনতার দায়ে ক্ষমা চেয়েছিলেন নোরা, এবার চুরির দায় থেকে তিনি কীভাবে মুক্তি পান, সেটাই এখন দেখার বিষয়।

সর্বশেষ নিউজ