গুরুতর অসুস্থ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয়।
মঙ্গলবার (১২ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার বাবা কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কারিনার জীবন বাঁচাতে সম্ভাব্য লিভার ডোনার হিসেবে সঙ্গে রয়েছেন তাঁর দুই ভাই—মোস্তফা এস হামিদ ও সাদাত হামিদ। কারিনার মা লোপা কায়সারও সফরসঙ্গী হিসেবে চেন্নাইয়ে অবস্থান করছেন।
অসুস্থতার প্রেক্ষাপট পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে কারিনা শারীরিক সমস্যায় ভুগছিলেন। প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে তাঁর শরীরে সংক্রমণ এবং হেপাটাইটিস এ ধরা পড়ে। আগে থেকেই তাঁর ফ্যাটি লিভারের সমস্যা ছিল। গত শুক্রবার অবস্থার চরম অবনতি হলে লিভার ফেইলিউরের কারণে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
বাবার আকুতি ও লড়াই মেয়ের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, উন্নত চিকিৎসার জন্য কারিনাকে দ্রুত দেশের বাইরে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে দেশে অবস্থান করছেন চিকিৎসার বিপুল ব্যয়ভার মেটানোর ব্যবস্থা করতে। কায়সার হামিদ জানান, হাসপাতালের বিল ও এয়ার অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে তাঁদের ফিক্সড ডিপোজিট ভাঙতে হচ্ছে এবং জমি বিক্রির প্রক্রিয়াও চলছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিনার দ্রুত সুস্থতার জন্য এখন উন্নত চিকিৎসাই একমাত্র ভরসা। পুরো পরিবার এখন তাঁর জীবন বাঁচাতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
(তথ্যসূত্র: কায়সার হামিদের ফেসবুক পোস্ট ও পারিবারিক সূত্র)

