নাটকের কথা বলে সিনেমা নির্মাণের অভিযোগে অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর বাতিল করা হয়েছে। সিনেমাটির সহ-অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।
তিনি জানান, “আমরা চলচ্চিত্রটির সেন্সর দিয়েছিলাম। শুরুতে কোনো অভিযোগ না থাকলেও পরে প্রজেক্টের সঙ্গে যুক্ত জেবা জান্নাত একটি লিখিত অভিযোগ করেন। তাঁর অভিযোগ, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ একটি নাটক হিসেবে চুক্তি করে নির্মাণ করা হলেও পরে এটিকে সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হয়। সিনেমার বিষয়ে কোনো চুক্তি না থাকায় আমরা এর মুক্তির অনুমতি বাতিল করেছি।”
একই অভিযোগ তুলেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। দুই বছর আগে যুক্তরাষ্ট্রে এই প্রজেক্টের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও বার্তায় তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে এসে একটি মেয়ের স্ট্রাগল টাইমের ছোট গল্প নিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নির্মাণের কথা ছিল। হাসান জাহাঙ্গীর আমাকে অনেক অনুরোধ করার পর আমি রাজি হই। শুরুতে এটি এক ঘণ্টার নাটক ছিল। পরে নির্মাতা এটিকে টেলিফিল্ম হিসেবে প্রচারের কথা জানান এবং আমি তাতে রাজি হয়ে কাজটি শেষ করি। কিন্তু এখন শুনছি এটি সিনেমা হিসেবে আসছে, যা অত্যন্ত অবাক করার মতো বিষয়।”
জানা যায়, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ মৌসুমী, হাসান জাহাঙ্গীর এবং জেবা জান্নাত তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। নাটকের কথা বলে সিনেমার কাজ করানো এবং নানা সমস্যার কারণে জেবা জান্নাত শুরু থেকেই বিষয়টির বিরুদ্ধে শক্ত অবস্থান নেন। পরবর্তীতে মৌসুমীও একই অভিযোগ তুললে সিনেমাটির সেন্সর বাতিলের মতো বড় সিদ্ধান্ত আসে।

