২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৩১ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনায় আগামী এসএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নিয়ে নতুন সিদ্ধান্তের পথে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৪ মে) অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিকভাবে ৩১ ডিসেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষামন্ত্রীর ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার ঘোষণার সঙ্গে শিক্ষার্থীদের জানুয়ারিতে পরীক্ষা আয়োজনের দাবির সমন্বয় করেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রাথমিক খসড়া অনুযায়ী, ৩১ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে পুরো জানুয়ারিজুড়ে লিখিত পরীক্ষা চলবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হতে পারে ৩১ জানুয়ারির মধ্যে। এরপর ১ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সম্ভাব্য রোজার ছুটি শুরুর আগেই পরীক্ষা শেষ করতে এই সময়সূচি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বৈঠকে অংশ নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগামী ৮ বা ৯ ফেব্রুয়ারি থেকে রোজার ছুটি শুরু হতে পারে। তাই তার আগেই এসএসসি পরীক্ষা শেষ করার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী। এ লক্ষ্যে ৩১ ডিসেম্বর পরীক্ষা শুরু এবং ৭ ফেব্রুয়ারির মধ্যে সব কার্যক্রম শেষ ধরে একটি পূর্ণাঙ্গ খসড়া রুটিন তৈরির কাজ চলছে।

তিনি আরও জানান, শিক্ষামন্ত্রী দীর্ঘদিন ধরেই ডিসেম্বরে এসএসসি পরীক্ষা শুরুর কথা বলে আসছেন। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে হঠাৎ পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে আপত্তি ছিল। তাই সমন্বয়ের অংশ হিসেবে ডিসেম্বরের শেষ দিনে পরীক্ষা শুরু করে পুরো জানুয়ারিজুড়ে রুটিন সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দু-একদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। পাশাপাশি ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় প্রথমবারের মতো সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

সর্বশেষ নিউজ