সারাহ টেইলরকে ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে পুরুষ জাতীয় ক্রিকেট দলে প্রথম নারী কোচ হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন সাবেক এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার।
এর আগে সারাহ টেইলর সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে ইংল্যান্ড লায়ন্স দলের কোচিং স্টাফে কাজ করেছেন। আপাতত শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে নারী-পুরুষ উভয় অঙ্গনের অন্যতম সেরা উইকেটরক্ষক হিসেবে বিবেচনা করা হতো সারাহ টেইলরকে। ১৩ বছরের ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ২২৬ ম্যাচ খেলেছেন তিনি। ২০১৭ সালে ইংল্যান্ডের নারী বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল তার।
খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ক্যারিয়ারে মনোযোগ দেন ৩৬ বছর বয়সী এই সাবেক তারকা। কাউন্টি দল সাসেক্স এবং ম্যানচেস্টার অরিজিনালসের এর সঙ্গেও কাজ করেছেন তিনি।
গত বুধবার ইংল্যান্ড পুরুষ ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কি সারাহ টেইলরের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সারাহ তার কাজে অসাধারণ দক্ষ এবং ফিল্ডিং কোচের ভূমিকায় অন্যতম সেরা।
বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল আগামী ৪ জুন লর্ডসে শুরু হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে ওভাল ও ট্রেন্ট ব্রিজে।
এই সিরিজ দিয়েই প্রথমবার কোনো পুরুষ জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হবে সারাহ টেইলরের।

