গত ঈদের সিনেমার লাভ-লোকসানের হিসাব শেষ হতে না হতেই কড়া নাড়ছে ঈদুল আজহা। আর মাত্র দুই সপ্তাহ বাকি। তাই আসন্ন ঈদকে ঘিরে আবারও চাঙ্গা হয়ে উঠছে দেশের সিনেমাঙ্গন। কারণ, উৎসবের এই সময়ে দর্শকের বিনোদনের বড় একটি অংশের জোগান দেয় নতুন সিনেমাগুলো।
ইতিমধ্যেই অর্ধডজনের মতো সিনেমা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে মুক্তির বিষয়ে নিশ্চিত খবর দিয়েছে ‘রকস্টার’ ও ‘রইদ’ কর্তৃপক্ষ। চলুন জেনে নেওয়া যাক ঈদে মুক্তির সম্ভাব্য তালিকায় থাকা সিনেমাগুলোর হালচাল:
-
রকস্টার: গত মাস থেকেই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে আজমান রুশো পরিচালিত এই সিনেমা। শাকিব খানের বিপরীতে এতে অভিনয় করেছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। গত ১১ মে গাজীপুরের একটি রিসোর্টে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে সম্পাদনার কাজ চলছে এবং আগামী সপ্তাহে এটি সেন্সরে যাবে বলে জানিয়েছেন পরিচালক। সামনে সিনেমাটির নিয়মিত প্রচারে চমক থাকবে বলেও জানান তিনি।
-
রইদ: ‘হাওয়া’র সাফল্যের চার বছর পর মেজবাউর রহমান সুমন ফিরছেন ‘রইদ’ নিয়ে। ট্রেলার, পোস্টার ও গানের মাধ্যমে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। প্রধান দুই চরিত্রে রয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। ১৭ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু হচ্ছে এর প্রচারণা। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই সিনেমাটি সেন্সরে যাবে।
-
মাসুদ রানা: সৈকত নাসিরের পরিচালনায় রাসেল রানা ও পূজা চেরী অভিনীত এই সিনেমার শুটিং প্রায় পাঁচ বছর আগে শুরু হয়েছিল। পরিচালক জানিয়েছেন, সিনেমার সব শুটিং শেষ এবং বর্তমানে টানা পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ২০ মের মধ্যে এটি সেন্সর সনদের জন্য জমা দেওয়া হবে এবং ঈদেই মুক্তি পাবে।
-
বনলতা সেন: মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সরকারি অনুদানের এই সিনেমাটিও ঈদে মুক্তির আলোচনায় রয়েছে। নাম ভূমিকায় মাসুমা রহমান নাবিলা এবং কবি জীবনানন্দ দাশের চরিত্রে রয়েছেন খায়রুল বাসার। পরিচালক জানান, আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মুক্তির জন্য তাদের সব প্রস্তুতি চলছে।
-
পিনিক: গত ঈদে মুক্তির কথা থাকলেও বড় তারকা ও হল সংখ্যার কথা বিবেচনা করে সরে দাঁড়িয়েছিলেন প্রযোজক। আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত এই সিনেমা ঈদুল আজহায় মুক্তির বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ পরিচালক জাহিদ জুয়েল। শিগগিরই তারা প্রচারণায় সরব হবেন।
-
নাকফুলের কাব্য: দুই বছর আগেই সেন্সর সনদ পাওয়া এই সিনেমাটি আসন্ন ঈদে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া। আলোক হাসান পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী।
-
মালিক: আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত এবং সাইফ চন্দন পরিচালিত এই সিনেমাটির নামও ঈদের তালিকায় শোনা যাচ্ছিল। তবে পরিচালক জানিয়েছেন, তিনি নিজে ঈদের বিষয়ে কোনো ঘোষণা দেননি। বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ গুছিয়ে আনছেন এবং শিগগিরই সেন্সরে জমা দেবেন।
তবে চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের আগে এই তালিকায় আরও কিছু সিনেমার সংযোজন বা বিয়োজন হতে পারে।

