মিথ্যা মামলায় নির্দোষ প্রমাণিত সেই ইমাম এবার মানসিক হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আইনি লড়াইয়ের মানসিক ধকল আর সামাজিক অপবাদের ক্ষত সইতে না পেরে শেষ পর্যন্ত মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে ঠাঁই হয়েছে আলোচিত ইমাম মাওলানা মুজাফফর আহমদ জুবায়েরের। ফেনীর পরশুরামে একটি সাজানো ধর্ষণ মামলায় জেল খাটার পর সম্প্রতি ডিএনএ টেস্টে তিনি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছিলেন। তবে দীর্ঘদিনের তীব্র মানসিক চাপ ও সামাজিক নিগ্রহের কারণে তিনি তীব্র মানসিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর আদাবরের একটি বিশেষায়িত মানসিক হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার একটি আবাসে অবস্থানকালে মাওলানা জুবায়ের হঠাৎ প্রচণ্ড উত্তেজিত হয়ে আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশের সহায়তা নিয়ে তাকে প্রথমে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নেওয়া হয়। পরবর্তীতে আজ শুক্রবার সকালে পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছালে তাকে আদাবরের ‘এনলাইটেন্ড সাইকিয়াট্রিক হাসপাতালে’ স্থানান্তর করা হয়। এই কঠিন সময়ে প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডা. সাইদুল আশরাফ কুশল ওই ইমামকে আজীবন বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সুস্থ থাকা অবস্থায় গত ৯ মে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েছিলেন মাওলানা জুবায়ের। তিনি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, কোনো কারণ ছাড়াই তাকে মসজিদের ইমামতি ও ইসলামিক ফাউন্ডেশনের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এমনকি আইনি লড়াইয়ের খরচ জোগাতে পৈতৃক জমিও বিক্রি করতে হয়েছে তাকে। উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে দায়ের করা ওই মিথ্যা মামলায় ৩২ দিন কারাভোগ করেছিলেন তিনি। পরবর্তীতে ডিএনএ টেস্টে প্রকাশ পায়, সংশ্লিষ্ট কিশোরীর সন্তানের প্রকৃত জন্মদাতা তার নিজের আপন ভাই। একজন নির্দোষ আলেমকে মিথ্যা অপবাদে তিল তিল করে মানসিক প্রতিবন্ধকতার দিকে ঠেলে দেওয়ার এই ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ নিউজ