তথ্যপ্রযুক্তিতে তীব্র ধাক্কা, এক ঝটকায় ৮ হাজার কর্মী ছাঁটাই করল মেটা: ইমেইলেই চাকরি শেষ

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

বিশ্বের তথ্যপ্রযুক্তি (IT) খাতে আবারও এক বড় ধরণের সুনামি বয়ে গেল। কোনো পূর্ব নোটিশ, আলোচনা বা মিটিং ছাড়াই কেবল একটি মাত্র ইমেইলের মাধ্যমে এক ঝটকায় ৮ হাজার কর্মী ছাঁটাই করল মেটা প্ল্যাটফর্মস। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাদার কোম্পানি মেটার এই আকস্মিক পদক্ষেপে চাকরি হারিয়েছেন তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ মানুষ। কোনো ধরণের আনুষ্ঠানিক বৈঠক ছাড়াই অত্যন্ত নীরবে ও গোপনে সম্পন্ন হওয়া এই ছাঁটাই প্রক্রিয়াকে সাম্প্রতিক সময়ের অন্যতম ‘নিষ্ঠুর’ করপোরেট ছাঁটাই বলে অভিহিত করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

ভোর ৪টায় ছাঁটাইয়ের নোটিশ, আগে থেকেই ‘ওয়ার্ক ফ্রম হোম’

মেটার এই বিশাল ছাঁটাইয়ের ধাক্কাটি প্রথম শুরু হয় তাদের সিঙ্গাপুরের আঞ্চলিক অফিস থেকে। সেখানকার কর্মীরা স্থানীয় সময় ভোর ৪টায় একটি আকস্মিক ইমেইলের মাধ্যমে জানতে পারেন যে প্রতিষ্ঠানে তাদের চাকুরির মেয়াদ শেষ হয়েছে। টাইম জোন বা সময়ের পার্থক্য অনুযায়ী পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মেটা কর্মীদের কাছে এই ছাঁটাইয়ের নোটিফিকেশন পাঠানো হচ্ছে।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই ছাঁটাইয়ের খবর ছড়ানোর পর অফিস প্রাঙ্গণে যাতে কোনো ধরণের হাঙ্গামা, অসন্তোষ বা বিশৃঙ্খলা তৈরি না হয়, সেজন্য মেটা কর্তৃপক্ষ আগে থেকেই কৌশলে কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছিল। ফলে কর্মীরা ঘরে বসেই ল্যাপটপের স্ক্রিনে নিজেদের চাকরি হারানোর বার্তাটি পান।

মেটার প্রধান মানবসম্পদ কর্মকর্তা জ্যানেল গেইল একটি অভ্যন্তরীণ নোটিশে কর্মকর্তাদের জানিয়েছেন, কোম্পানিকে আরও গতিশীল ও কাঠামোগতভাবে সরলীকরণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর সমান্তরালে মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) উইংকে শক্তিশালী করছে। ছাঁটাই হওয়া ৮ হাজার কর্মীর বাইরেও প্রায় ৭ হাজার যোগ্য কর্মীকে নতুন এআই ভিত্তিক দলে স্থানান্তর করা হবে এবং মেটার ভবিষ্যৎ পরিকল্পনায় থাকা ৬ হাজার শূন্যপদ চিরতরে বন্ধ করে দেওয়া হবে।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মার্ক জাকারবার্গ এখন এআই প্রযুক্তিকে কোম্পানির এক নম্বর অগ্রাধিকার হিসেবে দেখছেন। চলতি ২০২৬ সালে মেটা শুধু এআই প্রযুক্তির উন্নয়ন ও অবকাঠামো খাতেই ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করার এক মেগা পরিকল্পনা হাতে নিয়েছে। আর এই বিপুল খরচের বোঝা সামাল দিতেই মূলত সাধারণ মানবসম্পদ কাটছাঁট করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

টেক বিশ্বে ছাঁটাইয়ের হিড়িক

বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের এই ধারা নতুন কিছু নয়। মেটার এই পদক্ষেপের ঠিক এক সপ্তাহ আগেই সিসকো সিস্টেমস (Cisco Systems) তাদের ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল। এছাড়া মাইক্রোসফট, অ্যামাজন, ডিজনি এবং এএসএমএল-এর মতো টেক জায়ান্ট কোম্পানিগুলোও চলতি মাসে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের রূপরেখা প্রকাশ করেছে। এর আগে গত এপ্রিল মাসে টেক জায়ান্ট ওরাকল (Oracle) একই কায়দায় ভোরবেলা ইমেইলের মাধ্যমে প্রায় ২০ থেকে ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল, যার হুবহু পুনরাবৃত্তি এবার মেটার ক্ষেত্রেও দেখা গেল। এই গণছাঁটাই বিশ্বজুড়ে আইটি পেশাদারদের কর্মসংস্থানকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

সর্বশেষ নিউজ