কর মামলায় ঐতিহাসিক জয়, এক ঝটকায় ৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ কুইন শাকিরা!

বিনোদন ডেস্ক
spot_img
spot_img

দীর্ঘ আট বছরের অবর্ণনীয় মানসিক চাপ ও চড়াই-উতরাই পার করে অবশেষে স্পেনের কর ফাঁকির মামলা থেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেয়েছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত কর বিভাগের আনা সমস্ত অভিযোগ খারিজ করে শাকিরার পক্ষে ঐতিহাসিক এক রায় দিয়েছেন। একই সাথে আদালতের নির্দেশ অনুযায়ী, স্পেনের রাষ্ট্রীয় কোষাগার থেকে অন্যায়ভাবে নেওয়া প্রায় ৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন এই ল্যাটিন গায়িকা। এই বিপুল পরিমাণ অর্থ (৫৫ মিলিয়ন ইউরো) তাকে নির্দিষ্ট সুদসহ ফেরত দেওয়ার জন্য দেশটির সরকারকে কড়া নির্দেশ দিয়েছেন আদালত।

আইনি লড়াইয়ের নেপথ্যে: ১৮৩ দিনের সেই করের ফাঁদ

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, স্পেনের কর কর্মকর্তাদের মূল দাবি ছিল—২০১১ সালে শাকিরা স্পেনে একটানা ১৮৩ দিন বসবাস করেছিলেন। স্পেনের প্রচলিত আইন অনুযায়ী, কোনো বিদেশী নাগরিক বছরে ন্যূনতম ১৮৩ দিন সেখানে বসবাস করলে তাকে বাধ্যতামূলকভাবে কর দিতে হয়। এই নিয়মের ওপর ভিত্তি করেই তৎকালীন সময়ে শাকিরার ওপর বিপুল অঙ্কের জরিমানা ও করের বোঝা চাপিয়ে তা আদায় করেছিলেন কর্মকর্তারা।

তবে দীর্ঘ শুনানির পর তথ্য-প্রমাণের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শেষে আদালত তাঁর রায়ে স্পষ্ট জানিয়েছেন, উক্ত অর্থবছরে শাকিরা স্পেনে মাত্র ১৬৩ দিন কাটিয়েছিলেন; যা কর দেওয়ার নির্ধারিত আইনি সময়সীমা থেকে ঠিক ২০ দিন কম ছিল। কর কর্তৃপক্ষের কাছে শাকিরার দীর্ঘ অবস্থানের পক্ষে কোনো সুনির্দিষ্ট ও অকাট্য প্রমাণ না থাকায়, গায়িকার ওপর আরোপিত সমস্ত জরিমানা ও আদায়কৃত অর্থ সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করেন উচ্চ আদালত।

দীর্ঘ আইনি যুদ্ধ শেষে কলঙ্কমুক্ত হয়ে মানসিকভাবে স্বস্তি পেয়েছেন শাকিরা। রায়ের পর সংবাদমাধ্যমে নিজের জমে থাকা ক্ষোভ উগড়ে দিয়ে পপ কুইন বলেন, “গত প্রায় এক দশক ধরে আমার সাথে একজন দাগী অপরাধীর মতো আচরণ করা হয়েছে। স্পেনের সাধারণ করদাতাদের ভয় দেখানোর জন্য এবং কর বিভাগের ক্ষমতা প্রদর্শনের জন্য আমার জনপ্রিয় নামটিকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল। এখানে কোনো কর ফাঁকি দেওয়া হয়নি এবং প্রশাসন নিজেও কখনো তা প্রমাণ করতে পারেনি। কারণ পুরো বিষয়টিই ছিল সুপরিকল্পিত ও সাজানো।”

নিজের ব্যক্তিজীবন ও ক্যারিয়ারে এই মামলার নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে শাকিরা আরও বলেন, “আদালত অবশেষে সত্যকে সবার সামনে এনেছেন। বিগত আটটি বছর ধরে আন্তর্জাতিক মহলে আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম নষ্ট করার জন্য এক ধরণের প্রচারণা চালানো হয়েছে। এই মামলার কারণে আমি অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছি, যার মারাত্মক প্রভাব আমার মানসিক স্বাস্থ্য ও আমার দুই সন্তানের ওপর পড়েছে।”

২০২৬ বিশ্বকাপে ‘দাই দাই’ গান দিয়ে শাকিরার রাজকীয় ফেরা

কর মামলার এই মেঘ কেটে যাওয়ার আনন্দের মাঝেই শাকিরা ভক্তদের জন্য রয়েছে আরও একটি বিগ নিউজ। চলতি ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ (Dai Dai) গানে কণ্ঠ দিয়েছেন শাকিরা। ২০১০ সালের সাড়াজাগানো ‘ওয়াকা ওয়াকা’ গানের দীর্ঘ এক যুগ পর এই নতুন ট্র্যাকের মধ্য দিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে রাজকীয়ভাবে ফিরেছেন এই ল্যাটিন পপ সাম্রাজজ্ঞী। নতুন এই গানটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মাঝে এক অভূতপূর্ব উন্মাদনা ও উদ্দীপনার সৃষ্টি করেছে। একদিকে আইনি বিজয়, অন্যদিকে বিশ্বকাপের মঞ্চ—সব মিলিয়ে ২০২৬ সালটি শাকিরার ক্যারিয়ারের অন্যতম সেরা পুর্নজন্মের বছর হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

সর্বশেষ নিউজ