ঈদুল আজহা উপলক্ষে ৩২ লাখ টাকায় গরু কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্ট সমালোচনার জবাব দিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ছেলে সারিয়ান চৌধুরী। মঙ্গলবার (২৬ মে) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই গরু কেনার বিষয়টি ব্যাখ্যা করেন।
ফেসবুক পোস্টে সারিয়ান চৌধুরী জানান, এটি কেবল একটি গরু কেনা নয়, বরং একটি নিয়মিত পারিবারিক ঐতিহ্য। তিনি লেখেন, ‘আমার বাবা পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং উনার ভাইয়েরা প্রতি বছর পারিবারিক কোরবানি ও হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদ্রাসার জন্য ৬ থেকে ৮টি গরু ক্রয় করেন। সেই ধারাবাহিকতায় এ বছরও ৬টি গরু কেনা হয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, কোরবানির এই পশুর গোশত মূলত গরিব মানুষের হক। মানুষের এই হক তাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান।
বাবার পক্ষে অবস্থান নিয়ে সারিয়ান চৌধুরী সমালোচকদের উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘আজ থেকে ৫০ বছর পর যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের উত্তরসূরিরা কোরবানি দিলে এমন অযৌক্তিক সমালোচনার সম্মুখীন হতে হবে? নাকি আমার বাবা কেবল মন্ত্রী হওয়ার কারণেই আজ এমন অযৌক্তিক মিথ্যাচারের শিকার হচ্ছেন?’
উল্লেখ্য, সম্প্রতি কোরবানির হাটে ৩২ লাখ টাকায় একটি গরু কেনার ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সেই সমালোচনার পরিপ্রেক্ষিতেই মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে এই ব্যাখ্যা প্রদান করা হলো।


