অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

spot_img
spot_img

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মী এবং দেশের সামর্থ্যবান নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুঃস্থদের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণকালে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “শহীদ জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে এবং কাজ করার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখতে। প্রতি বছরই এই দিনটিতে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। শুধু দলের পক্ষ থেকে নয়, সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগেও অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। এটাই জিয়ার শিক্ষা এবং এটিই হোক আমাদের এবারের অর্জন।”

তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনগণ পুনরায় বিএনপিকে দেশ গঠনের দায়িত্ব দিয়েছে। দেশের স্বচ্ছল ব্যক্তিরা এগিয়ে এলে জনগণের ভাগ্যের পরিবর্তন দ্রুত সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

খাদ্যসামগ্রী বিতরণের আগে খিলগাঁওয়ের জোড় পুকুর মাঠের সমাবেশে প্রধানমন্ত্রী নগরবাসীর প্রতি পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ জানান। তিনি বলেন, “কোরবানির বর্জ্যসহ শহরের অন্যান্য আবর্জনা পরিষ্কারে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। দেশ ও শহর আমাদের নিজেদের—এই বোধটি সবাইকে উপলব্ধি করতে হবে। শহর পরিষ্কার থাকলে পরিবেশ বাসযোগ্য থাকবে এবং পরিচ্ছন্নতা কর্মীদের কাজও সহজ হবে।”

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ