বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে কুমিরের হামলার শিকার হয়েছে ফাতেমা (৮) নামে এক শিশু। সোমবার (১ জুন) রাত ৮টার দিকে মাজারের দিঘির ঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু ফাতেমা তার মায়ের সঙ্গেই মাজার এলাকায় থাকত। তার মা মানসিক ভারসাম্যহীন। সোমবার রাতে কোনো এক সময় ফাতেমা দিঘিতে নামলে অতর্কিতে একটি কুমির তার পা কামড়ে ধরে পানির গভীরে টেনে নিয়ে যায়। শিশুটির আর্তচিৎকার শুনে মাজার কর্তৃপক্ষের লোকজন ও স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা চালান। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেন। রাত ১০টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মাজারের খাদেম ফকির তরিকুল ইসলাম জানান, “আমরা জানতে পেরেছি ফাতেমা গোসলের জন্য দিঘিতে নেমেছিল। হঠৎ কুমিরটি তাকে আক্রমণ করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পানির নিচে টেনে নিয়ে যায়। তাকে উদ্ধারের জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।”
ঘটনার পর থেকেই স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। মাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় উৎসুক জনতা দিঘির পাড়ে ভিড় জমিয়েছেন। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত আতঙ্ক বিরাজ করছে মাজার এলাকা জুড়ে।

